রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে নতুন এ দর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ২৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করেছে বাজুস।
তবে স্বর্ণের ঘোষিত দামের সঙ্গে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মাত্র দুই দিন আগে, গত ১১ আগস্ট সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
ফলে চলতি বছর স্বর্ণের দামে একের পর এক পরিবর্তনের কারণে ক্রেতাদের মধ্যে বাজারদর নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মৌসুমে স্বর্ণের দাম বাড়ায় অলঙ্কার কিনতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের।
রিপোর্টার্স২৪/ঝুম