শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের এক নেতার নেতৃত্বে মিছিল ও পথসভা করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অন্তত ৫০০ স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গানগর বাজারে এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের বাসিন্দা। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মিছিলে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের হাতে জাতীয় পতাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা ছিল। মিছিলের সামনে একটি ব্যানার ছিল, তাতে লেখা ছিল ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৬, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের ছবি ছিল।
এছাড়াও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক আলী শিকদারের ছবি ছিল।মিছিল শেষে বাজারের শেষ প্রান্তে গঙ্গানগর-কাজিরহাট সড়কে সংক্ষিপ্ত পথসভা করা হয়। সেখানে বক্তব্য দেন মিথুন ঢালী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। এছাড়া সরকার সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিভিন্ন দিবসে জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে। এসব কর্মসূচির পর পুলিশ বিভিন্ন থানায় নেতাদের নামে মামলা করেছে।
শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার নেতৃত্বে মিছিল করা হয়েছে এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম