চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস না পেশে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ চালক সড়কে অবস্থান নেয়। আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে চালকরা। অবরোধের কারণে চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারারাত নির্ঘুম থেকে গ্যাসের জন্য অপেক্ষা করতেছি।২৪ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। গ্যাস কখন সরবরাহ করা হবে সে বিষয়ে স্টেশন কর্তপক্ষ সঠিক তথ্য দিতে পারছে না। এতে করে আমাদের আয় কমে যাচ্ছে।
সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, দুইদিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাইয়া সংসার চলে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পারলে আমার সংসার চলবে কেমনে?
আরেক চালক ইয়াসিন বলেন, সারা রাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাড়িয়ে আছি। কখন গ্যাস পাব কেউ বলতে পারছে না। এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে সংসার চলবে কিভাবে?
চাঁদপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, গ্যাস সরবরাহ না থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস দিতে পারব।
চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশন এলাকায় গ্যাসের জন্য সিএনজি, বাস ও প্রাইভেটকারের চালকরা রাত থেকে দীর্ঘ সারিতে অপেক্ষার প্রহর গুণছে। গ্যাস না পেয়ে চালকরা সড়ক অবরোধ করেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ স্বাভাবিক করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব