স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য যতটা স্বস্তির, অস্ট্রেলিয়ার জন্য ততটাই অস্বস্তির। মাঠে সেই চাপের আঁচও দেখা গেল।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্ক জড়িয়ে পড়লেন উত্তপ্ত বাক্যবিনিময়ে। একপর্যায়ে মিরাজকে স্টার্ক ধমকের সুরে বললেন, তুমি এখন আর বাংলাদেশে নেই। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে, স্টার্কের ২১তম ওভারের পঞ্চম বলে। শর্ট অব লেংথের বল পয়েন্টে ঠেলে দ্রুত এক রান নিতে দৌড়ান মিরাজ।
বলের দিকে চোখ থাকায় সামনে কী আছে, সেটি খেয়াল করতে পারেননি এই অলরাউন্ডার। ফলে স্টার্ককে পাশ কাটাতে গিয়ে উইকেটের মাঝের সুরক্ষিত অংশ দিয়েই দৌড়ান তিনি।
বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসে আম্পায়ার কুমার ধর্মসেনার। রান পূর্ণ হওয়ার আগেই মিরাজের কাছে ছুটে গিয়ে তাকে সতর্ক করেন তিনি। নিজের অবস্থান পরিষ্কার করে মিরাজ তখন বলেন, আমি দেখতে পারিনি।
কিন্তু ততক্ষণে স্টার্কও নিজের আপত্তি জানিয়ে ফেলেছেন। স্টাম্প মাইক্রোফোনে শোনা যায় অস্ট্রেলিয়ান পেসারের কণ্ঠ। মিরাজের দিকে এগিয়ে গিয়ে তিনি বলেন, এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও। মিরাজও এবার পাল্টা জবাব দেন, তুমি কোথায় দৌড়াচ্ছো খেয়াল রাখো। তুমি তো লাইন কভার করছো না।
স্টার্কের উত্তর, না, এটা আমার দোষ নয়, এটা তোমার দোষ।
এরপর বোলিং মার্কে ফিরে যাওয়ার আগে স্লেজিংয়ের সুরে মিরাজকে ধমক দিয়ে স্টার্ক বলেন, তুমি এখন আর বাংলাদেশে নেই, তাই না?
পরিস্থিতি বড় হওয়ার আগেই হস্তক্ষেপ করেন ধর্মসেনা। দুই ক্রিকেটারকে শান্ত করেন তিনি। পরে অবশ্য মিরাজের পক্ষেই কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণের সময় পন্টিং বলেন, হ্যাঁ, আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।
পন্টিংয়ের ব্যাখ্যা, মিরাজ যখন সামনে তাকান, তখন স্টার্কই তার চলার পথে ছিলেন। তাই তাকে এড়িয়ে যাওয়ার সময় ঘটনাটি এমন হয়েছে। আর ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসনের মতে, ম্যাচের কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার হতাশার বহিঃপ্রকাশই ছিল স্টার্কের অতিরিক্ত প্রতিক্রিয়া।
মাঠের এই উত্তাপের বাইরে অবশ্য দিনটা পুরোপুরিই বাংলাদেশের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের পর শেষ দিকে মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে বাংলাদেশের লিড বেড়ে হয়েছে ১৫৩ রান।
দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান বাংলাদেশের। মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত। অর্থাৎ স্টার্কের সঙ্গে কথার লড়াইয়ের পরও ব্যাট হাতে মিরাজের লড়াই থামেনি। বরং অস্ট্রেলিয়ার ওপর চাপটা আরও বাড়িয়ে তৃতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ।
রিপোর্টার্স২৪/ধ্রুব