স্টাফ রিপোর্টার: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
স্বজনেরা উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহ হেফাজতে নেয়। বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন এবং তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও পরিবারের দেওয়া তথ্যের বরাতে ওসি আরও জানান, রিধি একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে তুমুল ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই ক্ষোভে ও আবেগের বশে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন এই অভিনেত্রী। পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা।
উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখা রিধিকা রিধি বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে কাজ করে পরিচিতি লাভ করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।
রিপোর্টার্স২৪/ধ্রুব