ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, পৌর বিএনপি নেতা সভাপতি মিজানুর রহমান পান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তাসহ দপ্তরের প্রধান, মৎস্যচাষী, মৎস্যজীবী প্রমুখ।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাঙ্গা উপজেলার তিনজন সফল মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব