চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। দুই বাস নিয়ে শুরু হওয়া এই বাসের চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরের ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। পথে ১২টি নির্ধারিত পয়েন্টে যাত্রী ওঠানামা করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টায় নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করছেন। এ বাসের চালক ও হেলপার সবাই নারী হবেন। চট্টগ্রামের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা আশা করব, সরকার যে উদ্দেশ্যে এ কর্মসূচি শুরু করেছে, নারীরা যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদভাবে চলাচল করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত হবে। সরকারের অঙ্গীকার সরকার বাস্তবায়ন করছে।
নতুন এই সার্ভিসের আওতায় দুটি বাস কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে যাত্রা শুরু করে নগরের ফ্রি পোর্ট ও পতেঙ্গা এলাকায় যাবে। নির্ধারিত ১২টি স্টপেজে বাস দুটি থামবে। ফলে রুটের বিভিন্ন এলাকার নারী যাত্রীরা নির্দিষ্ট পয়েন্ট থেকে বাসে উঠতে ও নামতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ তৈরি করাই এই বিশেষ বাস সার্ভিসের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বাসের চালক ও হেলপার হিসেবে নারীদের নিয়োগ দেওয়ায় পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
চট্টগ্রাম নগরে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহনে চলাচল করেন। ভিড়, আসনসংকট ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কারণে তাঁদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। নারী চালক ও হেলপার পরিচালিত পৃথক বাস সার্ভিস চালুর ফলে এসব সমস্যা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাসের চালক, হেলপার, যাত্রী সকলেই নারী হওয়ায় নারীদের যাতায়াতে আর ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত নানা সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি মুক্ত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম