বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব। অপরাধী গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেপরোয়া কিশোরগ্যাং নিয়ন্ত্রণ করতো জালাল গ্রুপ।
বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এরআগে, রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব জানায়, পৃথক অভিযানে জালাল গ্রুপের প্রধানসহ ধরা পড়ে ১১জন। শাবরুল তালপুকুর পাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি চাপাতি ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট। হাতেনাতে গ্রেপ্তার বাপ্পি হাসান (২১) শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা। পৃথক অভিযানে গ্রেপ্তার একই এলাকার ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), কাইয়ুম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ আহমেদ (২০) ও কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)।
তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, ৫টি এন্ড্রয়েড মোবাইলসহ ১১টি সিম। গ্রেপ্তারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়, গ্রেপ্তার অপরাধী গোষ্ঠী জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডল কাহালু উপজেলা থেকে এসে শাবরুল হাটখোলা এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া মাদক কারবারি বাপ্পি হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আগেরও মামলার তথ্য জানিয়েছে র্যাব।
রিপোর্টার্স২৪/ঝুম