ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিকে একই দিনে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এলএনজির ওই কার্গো সরবরাহ করবে।
এই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম এলএনজি কার্গো।
অন্যদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো কেনা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সাম্প্রতিক সময়ে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বেড়েছে। চাহিদা বৃদ্ধির ফলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। এ কারণে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানি করে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারের এই সিদ্ধান্তের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম