রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পিটিআইয়ের কনফারেন্স রুমে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তন প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শিগগির শূন্য পদ পূরণ
প্রাথমিক বিদ্যালয় তদারকির মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল থাকলেও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউপিটিসি ইন্সট্রাক্টর ও পিটিআই ইন্সট্রাক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে শূন্যতা রয়েছে বলে জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, আইনি জটিলতার কারণে কিছু নিয়োগ ও পদায়ন আটকে থাকলেও শিগগিরই এসব পদ পূরণ করা হবে। এসব পদে জনবল নিয়োগ হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও জোরদার হবে।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি বর্তমানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। আদালতের রায় পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ববি হাজ্জাজ বলেন, প্রতি বছর ১৪ থেকে ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট ধীরে ধীরে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকদের বেতন ও পদোন্নতিতে আসছে নতুন নীতিমালা
প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডের দাবির বিষয়েও নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শুধু চাকরির মেয়াদের ভিত্তিতে পদোন্নতি বা বেতন স্কেল উন্নয়ন করা হবে না। নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে এসব বিষয় নির্ধারণের ব্যবস্থা করা হবে। নতুন শিক্ষক নীতিমালায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
১০ মাসের প্রশিক্ষণ কমিয়ে দুই মাস করার উদ্যোগ
প্রাথমিক শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়ও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ শিক্ষকদের ১০ মাসের ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সময় কমিয়ে দুই মাস করার চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
বাকি প্রশিক্ষণ কর্মস্থলে কাজের পাশাপাশি ‘অন দ্য জব’ পদ্ধতিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে তুলনামূলক কম সময়ে বেশি সংখ্যক শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
খেলতে খেলতে শেখায় গুরুত্ব
প্রাথমিকের পরিমার্জিত কারিকুলামে ‘অ্যাকটিভ লার্নিং’ বা সক্রিয়ভাবে শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, খেলা ও গল্পের মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানোর পরিকল্পনা রয়েছে। শিশুদের মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ জন্য স্কুল ক্যালেন্ডারেও পরিবর্তন আনা হবে। এক শিফট ও দুই শিফটের বিদ্যালয়ের জন্য পৃথক পরিকল্পনা থাকবে। প্রতিদিন ন্যূনতম ও সর্বোচ্চ কতক্ষণ পাঠদান হবে, সেটিও নির্ধারণ করা হবে।
বড় মাঠের বদলে শিশু উপযোগী প্লে-গ্রাউন্ড
প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কিন্ডারগার্টেনের শিশুদের জন্য বড় খেলার মাঠের চেয়ে ছোট পরিসরের শিশু-উপযোগী প্লে-গ্রাউন্ড বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শিশুদের বয়স ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে বিদ্যালয়ের অবকাঠামো ও খেলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাথমিক শিক্ষায় সমন্বিত পরিবর্তনের লক্ষ্য
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন ও বদলির পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ এবং পাঠদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সমন্বিত পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শুধু শিক্ষক নিয়োগ করলেই হবে না; শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ, নিয়মিত মূল্যায়ন, বিদ্যালয়ের কার্যকর তদারকি এবং শিশুদের উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম।
রিপোর্টার্স২৪/ঝুম