ইন্টারন্যাশনাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার বলেন, ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এটা গুজব।
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন—এমন খবর ছড়িয়ে পড়ার বিষয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিদের একজন শেখ জিহাদ হামাদার সঙ্গে এক বৈঠকে শাহাদা পাঠ করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টও এই দাবি আরও জোরালো করে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার অনুষ্ঠিত একটি বৈঠকের বিষয়ে কথা বলেছিলেন।
দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে শাহিন জানান, ব্রাজিল সফরের সময় তিনি সাও পাওলোভিত্তিক শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেন। তিনি ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথে যাওয়ার সময় ওই শেখের সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ তাকে জানান, কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করছিলেন। এরপর চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে দেখা করেন, শাহাদা পাঠ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তবে রবার্তো কার্লোস এবার এসব বিষয়ে নীরবতা ভেঙেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।
বুধবার সৌদি আরবের সংবাদপত্র 'ওকাজ'-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার বলেন, 'ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়।'
যে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছিল, সে বিষয়ে তিনি আরও বলেন, 'উদযাপনটি একাধিকভাবে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমরা আগ্রহী ছিলাম, কারণ তারা ক্যাথলিক। পাশাপাশি আমার স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/এম এইচ