মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের লর্ড মার্কেট সংলগ্ন মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়া খাতুন কসাইখানা থেকে গরু ও ছাগলের ভুঁড়ি কিনে তা পরিষ্কার করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি ভুঁড়ি আনতে কসাইখানায় যান। সেখান থেকে গরুর মাংস বহনকারী একটি নছিমনে করে বাড়ি ফেরার পথে মানিক টাওয়ারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রোকেয়া খাতুন নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি তার গায়ের ওপর উল্টে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম