ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ডান্তসানে অঞ্চলে নিজ বাড়ির সামনে সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন জোলানি তেতে আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির পুলিশ ও ক্রীড়ামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছে।
৩৮ বছর বয়সী এই বক্সার নিজের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই একটি গাড়ি থেকে মুখ ঢাকা দুই বন্দুকধারী বের হয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।
দেশটির ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি বলেন, 'কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে আমি অনুমান করে কিছু বলতে চাই না।'
তেতের এই হত্যাকাণ্ড দক্ষিণ আফ্রিকার সহিংস অপরাধ পরিস্থিতির ওপর পুনরায় সবার দৃষ্টি আকর্ষণ করছে। দেশটিতে হত্যাকাণ্ডের সংখ্যা সম্প্রতি কমলেও বিশ্বের অন্যতম উচ্চ হত্যাকাণ্ডের হার বজায় রয়েছে।
ইস্টার্ন কেপের এই অঞ্চল থেকেই দক্ষিণ আফ্রিকার বেশ কিছু সফল বক্সার উঠে এসেছে।
তেতের সাথে থাকা ২৭ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে হত্যার কারণ এখনো অস্পষ্ট।
২০১৪ সালে জাপানের কোবেতে তেইরু কিনোশিতাকে হারিয়ে আইবিএফ জুনিয়র-ব্যান্টামওয়েট বিশ্ব খেতাব জিতেছিলেন তেতে। পরবর্তীতে তিনি ডাব্লিউবিও ব্যান্টামওয়েট খেতাবও অর্জন করেন।
আন্তর্জাতিক অঙ্গনে তিনি মূলত ২০১৭ সালের নভেম্বরে বেলফাস্টে স্বদেশী সিবোনিসো গোনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করে স্মরণীয় হয়ে আছেন, যা বিশ্ব খেতাবের লড়াইয়ে দ্রুততম নকআউটের রেকর্ড।
রিপোর্টার্স২৪/এম এইচ