দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদের সিএ মো. ইস্কান্দার হায়দারের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া মোটরসাইকেলটি হিরো কোম্পানির হিরো ইগনিটর ১২৫ সিসি মডেলের লাল-কালো রঙের। উপজেলা পরিষদ চত্বরে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে সাদা শার্ট পরা এক যুবককে হেলমেট হাতে মোটরসাইকেলের ওপর বসে থাকতে দেখা যায়। একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে মানুষের আনাগোনা কমে গেলে ওই যুবক মোটরসাইকেলের তালা ভেঙে সেটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব