নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর হামলা এবং তাঁদের ক্লিনিকে ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) চট্টগ্রাম চ্যাপ্টার, চট্টগ্রাম প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (CPVA) এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সমাবেশে উপস্থিত ছিলেন BASAVA চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ডা. ভজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. ইউসুফ এলাহী চৌধুরী, CPVA-এর সভাপতি ডা. ইসমাইল ও সাধারণ সম্পাদক ডা. নুরুল আজিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাইভেট প্র্যাকটিশনার ও অ্যালামনাইরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলা ও তাঁদের ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর হামলা এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে ভাঙচুর অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।
সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভেটেরিনারি হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে চিকিৎসকদের ওপর হামলা, লাঞ্ছনা ও ক্লিনিক ভাঙচুরের মতো ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে দেশের ভেটেরিনারি চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব