স্পোর্টস ডেস্ক: টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর অবশেষে হারল বাংলাদেশ এইচপি দল। মঙ্গলবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে ইরফান শুক্কুরের দল।
টসে জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও শেষ দিকে অ্যাডিলেডের ব্যাটাররা দ্রুত রান তুলে নেয়। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে তারা। বাংলাদেশের হয়ে আব্দুল গাফফার সাকলাইন ২১ রানে ৪টি এবং রুবেল হোসেন ৩ উইকেট নেন।
জবাবে শুরুতেই উইকেট হারানো বাংলাদেশকে ঘুরে দাঁড় করান হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। দ্বিতীয় উইকেটে তাদের ৬০ রানের জুটি আশা জাগালেও ৮৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর চাপে পড়ে যায় এইচপি দল।
পরে শামীম হোসেন ও আরিফুলের ৩৯ রানের জুটি দলকে জয়ের পথে ফেরানোর চেষ্টা করে। কিন্তু ১২৭ রানে সেই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই থামে তাদের ইনিংস। আরিফুল ৫৪ বলে ৬৬ রান করেও দলকে জেতাতে পারেননি।
অ্যাডিলেডের লাচলান ব্যাঙ্গস ১৮ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হন।
হারলেও চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ এইচপি। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব