বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পোলঘাট গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ী পানির উৎস স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পোলঘাট গ্রামে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা না থাকায় প্রায় ৪৫টি পরিবার নানা ভোগান্তির মধ্যে রয়েছে। বিশুদ্ধ পানির জন্য অনেক দূরের উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। আবার অনেক পরিবার বাধ্য হয়ে অনিরাপদ ও অপরিশোধিত পানি ব্যবহার করছে। এতে দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নিরাপদ পানি মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন হলেও পোলঘাট গ্রামের বাসিন্দাদের জন্য এখনো সুপেয় পানি সহজলভ্য হয়নি। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে একটি স্থায়ী পানির উৎস স্থাপন এখন তাদের অন্যতম প্রধান দাবি।
এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কাজ শুরু করে অভিযান যুব সংগঠন। সংগঠনটির তরুণ সদস্যরা পোলঘাট গ্রামের পানির সংকট নিয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ ও সার্ভে পরিচালনা করেন। সার্ভের মাধ্যমে এলাকার পানির উৎস, পানির ব্যবহার, সংকটের ধরন এবং স্থানীয় মানুষের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়।
এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে অভিযান যুব সংগঠন এবং আয়োজনে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা। কর্মসূচিতে পোলঘাট গ্রামের স্থানীয় নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে নিরাপদ ও স্থায়ী সুপেয় পানির দাবিতে স্বাক্ষর করেন।
এরই ধারাবাহিকতায় পোলঘাট গ্রামের বাসিন্দাদের সুপেয় পানির স্থায়ী উৎস তৈরির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের দাবি ও প্রত্যাশা উঠে আসে।
গণস্বাক্ষর কর্মসূচিতে সংগৃহীত স্বাক্ষরসম্বলিত স্মারকলিপি আগামীকাল (২৭ আগস্ট) পোলঘাট গ্রামবাসীর পক্ষ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়েও তুলে ধরা হবে। এর মাধ্যমে পোলঘাট গ্রামের দীর্ঘদিনের সুপেয় পানির সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও জোরালোভাবে উপস্থাপন করা হবে।
অভিযান যুব সংগঠনের তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে তরুণরা এগিয়ে আসায় তারা আশাবাদী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পোলঘাট গ্রামে একটি স্থায়ী ও নিরাপদ সুপেয় পানির উৎস স্থাপন করবে।
অভিযান যুব সংগঠনের সদস্যরা জানান, সুপেয় পানি কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তাই পোলঘাট গ্রামের মানুষকে নিরাপদ পানি থেকে বঞ্চিত রেখে সমস্যাটি দীর্ঘায়িত করা উচিত নয়। সার্ভে ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।স্থানীয়দের দাবি একটাই—পোলঘাটে চাই নিরাপদ ও স্থায়ী সুপেয় পানির ব্যবস্থা।
রিপোর্টার্স২৪/ঝুম