রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াত গত ১৬ বছর নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর দাবি, এই বিবেচনায় জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেই মনে হয়।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও তাদের সঙ্গে এমন আচরণ করেনি জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি আগেই একটি আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাঁর ভাষ্য, ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলনে নামবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ‘লংমার্চের’ মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ মাঠে নামবে জামায়াত। তাহেরের বক্তব্যের সূত্র ধরে তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত কি জামায়াতের কাছে কোনো মূল্যই রাখে না?
জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ১৯৭১ সালে এর চেয়েও বেশি রক্ত ঝরিয়েছে জামায়াত। এ কারণে তার মতে, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ ‘লঘুই বলা যায়’। তিনি প্রশ্ন রাখেন, তা না হলে ২০২৪ সালের গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলেও জামায়াতের ওপর আওয়ামী লীগ দমন-পীড়ন চালায়নি এমন বক্তব্য কীভাবে দেওয়া যায়?
পোস্টের শেষাংশে রাশেদ খান দাবি করেন, ‘সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল।’ তার ভাষ্য, সে কারণে আওয়ামী লীগ কেন জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করবে?
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের অপরাধকে ‘নরমালাইজ’ করতে তাহেররা মাঠে নতুন বয়ান সামনে আনছেন। আর এসবের পাশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তা উপভোগ করছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
রিপোর্টার্স২৪/ঝুম