লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সুপারি না পাড়ায় রিশাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।
নিহত রিশাদ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারী বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রুবেল মাদকাসক্ত। সে মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। ঘটনার সময় রুবেল শিশু রিশাদকে সুপারি পাড়তে বলেন। রিশাদ সুপারি পাড়তে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে পেটে একাধিকবার আঘাত করে।
এতে গুরুতর আহত হয় শিশু রিশাদ। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই শিশু রিশাদের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক রুবেল। এতে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের জন্য খুঁজছে স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আফজাল বলেন, ‘রিশাদ নামে এক শিশুকে ইমার্জেন্সিতে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্নিন রয়েছে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব