অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইকবালের পিতার নাম মৃত আব্দুল ওহাব সরকার।
নিহত ইকবালের মা সেলিনা বেগমের অভিযোগ তার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় দড়ি দিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা দেখানোর চেষ্টা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিস, মেয়ে ফাতেমা ও স্ত্রীর বড় বোন খাদিজাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভয়নগর থানা পুলিশ।
নিহত ইকবালের স্ত্রী বিলকিছ জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে আমাদের ঝগড়া হলে ইকবাল রাগ করে ঘর থেকে বেরিয়ে যান। রাতে সে আর ঘরে ফেরেনি। বুধবার সকালে ঘরের দরজা খুলে গলায় রশি পেঁচানো অবস্থায় তার স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবাল নামের এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ঝুম