যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে প্রয়াত হায়দার ধনীর রেখে যাওয়া জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে (মৃতের) পরিবারের সদস্যদের ওপর দখলদারিত্ব, হামলা-মামলাসহ নানা ধরনের নির্যাতন চলছে বলে অভিযোগ উঠেছে। জানাযায়, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক ছত্রচ্ছায়ায় (হায়দার ধনীর) পরিবারের সদস্যদের জমি থেকে উৎখাত ও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। ভুক্তভোগীরা জানান,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের মদদে মাকাপুর গ্রামের ওই চক্রটি জমি দখল ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
পরিবারের সদস্যরা আরও জানান, তাদের পরিবারের (হায়দার ধনীর) মেজো ছেলে এ কে এম মোর্তজা রাসেল পারিবারিক উত্তরাধিকারীদের বঞ্চিত করতে অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগসাজশ ও দখল-নির্যাতনে মদদ দিচ্ছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য স্নেহলতা জানান, তাদের পরিবারের (প্রয়াত হায়দার ধনীর) মেজো ছেলে এ কে এম মোর্তজা রাসেল গত তিন বছর ধরে জোরপূর্বক পৈতৃক জমিজমা এককভাবে ভোগদখল করে আসছেন। এ দখল প্রক্রিয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতাসহ চৌগাছা থানার সাবেক ওসি আনোয়ারের সরাসরি সহযোগিতা রয়েছে।
স্নেহলতার অভিযোগ, চৌগাছা থানার সাবেক ওসি আনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা কাজেম আলী, জামায়াত নেতা আনিছুর, বাবুরালি মোল্লা, মানিক, শহিদুলসহ তাদের অনুসারীরা মোর্তজা রাসেলকে জমি দখলে সহায়তা করছেন। তিনি আরও বলেন, এই জঘণ্য ঘটনার প্রতিবাদ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষে অবস্থান নিলে নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধেও মামলা ও বিভিন্নভাবে হয়রানিও করা হয়। এমনকি তাদের বিরুদ্ধে সাজানো পুলিশবাদি মামলা দেওয়া হয়। অথচো সেই মামলার অন্যতম আসামী জামায়াত নেতা আনিছুরকে বাচাতে সরাসরি মদদ দিচ্ছেন বিএনপি নেতা থেকে শুরু করে সাবে ওসি আনোয়ার।
জমিজমা নিয়ে ভাই-বোনদের বিরোধকে কেন্দ্র করে হায়দার ধনীর মেয়ে স্নেহলতা জানান, তার মা ও অন্যান্য ভাই-বোন এবং তাদের সমর্থক গ্রামবাসীদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন, হয়রানি চলমান। পৈতৃক সম্পত্তিতে নিজেদের ন্যায্য অংশ দাবি করায় তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক ও আইনি হয়রানি করা হচ্ছে বলেও জানান তিনি। ভুক্তভোগীদের দাবি, গত কয়েক মাসে তাদের বিরুদ্ধে জিআর মামলাসহ অন্তত নয়টি মামলা করা হয়েছে।
তিনি বলেন, পরিবারের সদস্য না হয়েও মানিক সরাসরি কাজেম আলী ও উপজেলা বিএনপির সভাপতি সালামের সহযোগিতায় তাদের পৈতৃক বাড়ি দখল করে অবস্থান করছেন। এর প্রতিবাদ করায় তিনি বিভিন্ন সময়ে শারীরিক হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। তিনি আরও জানান, যারা জমি দখল ও নির্যাতনের সঙ্গে জড়িত এবং নির্যাতনের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, তাদের দিয়েই উপজেলা বিএনপির সভাপতি পাল্টা সংবাদ সম্মেলন করিয়েছেন। বিষয়টি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি ২০২৫ স্নেহলতা তার মাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে বিষয়টি তদন্তের আওতায় আসে।
তাদের দাবি, তদন্তের ভিত্তিতে ২০ জানুয়ারি ২০২৫ স্থানীয় আওয়ামী লীগ নেতা এস এম হাবিব ও এ কে এম মোর্তজা রাসেলের দখল থেকে সম্পত্তি উদ্ধার করে হায়দার ধনীর পাঁচ সন্তান ও তাদের মাকে সাময়িকভাবে স্বস্তি দেওয়া হয়।
তবে সে সময় চৌগাছা থানায় কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় নিয়মিত মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে দাবি ভুক্তভোগীদের। ঘটনার পর প্রায় ২০ থেকে ২৫ দিন পরিবারটি শান্তিতে থাকলেও বিরোধীদের দায়ের করা সিআর মামলা (সিআর-২২/২৫)-এ অভিযুক্তরা জামিন পাওয়ার পর নতুন করে সংকট শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্নেহলতার অভিযোগ, জামিনের পর উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের মদদে এবং স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর সহায়তায় পুনরায় জমি জবরদখলের চেষ্টা শুরু হয়। অভিযোগ রয়েছে, জামিন পাওয়ার পর অভিযুক্তরা কাজেম আলী, মানিক মিয়া, সামছার ও বাবুর আলীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা ‘ক’ সার্কেলের এএসপি জুয়েল ইমরানের কার্যালয়ে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল আনুমানিক ৩টার দিকে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় কাজেম আলী, মানিক ও জামায়াত নেতা আনিছুর ফিতা ধরে জমি ভাগ করে দেন এবং তিন বোন ও তাদের বৃদ্ধা মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
এসকল বিষয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবু মিয়ার কাছে জানানো হয় বলেও ভুক্তভোগী পরিবার জানান। তাদের ভাষ্য, বিষয়টি জানার পর জেলা বিএনপির সভাপতি ফোনে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সঙ্গে যোগাযোগ করেন। তবে সালাম পুরো ঘটনার সত্যতা অস্বীকার করেন।
এ ছাড়া সাবেক ওসি আনোয়ার, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও একটি সংঘবদ্ধ গোষ্ঠীর যোগসাজশে পরিবারের এক সদস্যকে ব্যবহার করে একটি বিতর্কিত পারিবারিক আপসনামা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ওই আপসনামায় আইনগত উত্তরাধিকারীদের ভোগদখল ও টাকার লেনদেনসংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
স্নেহলতার অভিযোগ, গত চার থেকে পাঁচ মাসে চৌগাছা থানাকে ব্যবহার করে তাদের পরিবার এবং সহায়তাকারী গ্রামবাসীদের বিরুদ্ধে জিআর মামলাসহ অন্তত নয়টি হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলন ও বিভিন্ন অভিযোগে মাকাপুর গ্রামের বাবুর আলী, কাজেম, মানিকসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
ভুক্তভোগীদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোর্তজা রাসেল, সাবেক ওসি আনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও জামায়াত নেতা আনিছুরসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের ওপর নির্যাতন ও হয়রানি চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “বাবার সম্পত্তিতে আমার এবং আমার মা-বোনদের আইনগত ও ন্যায্য অধিকার রয়েছে। কিন্তু জমির দাবি করলেই মেজো ভাই মোর্তজা রাসেলকে সুবিধা দিতে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি সভাপতি সালাম, জামায়াত নেতা আনিছুর ও থানার সাবেক ওসি আনোয়ারসহ একটি প্রভাবশালী গোষ্ঠী অভিযুক্তদের পক্ষ নিচ্ছে। আমাদের এবং আমাদের পাশে দাঁড়ানো নিরীহ গ্রামবাসীদের নানাভাবে চাপ, অপমান ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “থানা থেকেও আমরা নিরপেক্ষ সহযোগিতা পাচ্ছি না। উল্টো একের পর এক ভুয়া মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা এই বহুমুখী নির্যাতনের সুষ্ঠু বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে হায়দার ধনীর পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে রাজনৈতিক হস্তক্ষেপ, স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনিক পর্যায়ে পক্ষপাতমূলক তৎপরতার অভিযোগের কারণে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ভুক্তভোগী স্নেহলতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, পৈতৃক সম্পত্তিতে তাদের আইনগত অধিকার নিশ্চিত করা, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, তার বিরুদ্ধে ওঠা প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চৌগাছা থানার সাবেক ওসি আনোয়ার।
রিপোর্টার্স২৪/ঝুম