সিলেট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সফর নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
শনিবার সকালে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১।
মতবিনিময়কালে জ্বালানি খাত প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিগত সময়ে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
মক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের এ চুক্তিতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।
এদিকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের চাহিদা আছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম