লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) লাকসাম পৌরসভা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে লাকসাম উপজেলার ২০৬ জন এবং মনোহরগঞ্জ উপজেলার ৪৭ জনসহ মোট ২৫৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ ও কারিগর। ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মুহাম্মদ নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, পৌরসভা মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ এবং পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ