রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে, যা হাজারের খুব কাছাকাছি।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৩ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকা বিভাগে ৩১৯ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, সিলেটে ১১২ জন, চট্টগ্রামে ২৩৮ জন, বরিশালে ১১৬ জন, ময়মনসিংহে ৪৮ জন, খুলনায় ৮৫ জন এবং রংপুরে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৬৯৬ জন।
ক্রমবর্ধমান রোগী ও মৃত্যুর এই সংখ্যা দেশে হামের পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম