সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত ঝটিকা মিছিলের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)। সোহেল আহমদ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের জল্লারপাড় এলাকার ৬৯ নম্বর বাসায় থাকতেন। অপর আসামি রবিউল ইসলাম হৃদয় সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের নেহারীপাড়া, আখালিয়ার ৬৩/১, ব্লক-সি এলাকার একটি বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর-৫৩ দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে। এতে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর সিলেট নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে গ্রেফতার করা হয়। অপরদিকে, ৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নেহারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার দুজনকে গ্রহণেরপরবর্তী আইনগত ব্যবস্থা জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম