গাজীপুর প্রতিনিধি: বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁর জামিন আবেদন নাকচ করা হয়।
সোমবার বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সিফাত আব্দুল্লাহর জামিন চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা কটূক্তির যে বিষয়টি আলোচনায় এসেছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। এছাড়া ৪ জুনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করতেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁর দাবি, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন এবং ৫ আগস্টের আগ থেকেই ফ্যাসিস্টদের হয়ে সক্রিয় ছিলেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির সক্রিয় কর্মী এবং তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাঁকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাঁকে থানায় নেওয়া হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ