বগুড়া প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব বগুড়ার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন করা হয়েছে। মান্নান-পলাশ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। মানবিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বক্তারা।
শহরের কানছগাড়ি লায়ন্স ভবনে রোববার রাতে দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। নতুন কমিটির কাছে সার্বিক কার্যক্রমের দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী সাধারণ সম্পাদক লায়ন কাজল কুমার কুন্ডু। পরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব বগুড়ার নবনির্বাচিত সভাপতি লায়ন এমএ মান্নান পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) সাবেক পরিচালক। নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন রাকিবুল হাসান পলাশ বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও লিও ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী, বগুড়া ও পাবনা জোনের কো অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, লায়ন্স ক্লাব বগুড়ার পরিচালক লায়ন ডা. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি লায়ন এমএ মান্নান বলেন, লায়ন্স ক্লাব অব বগুড়া দীর্ঘ ৫৩ বছর ধরে মানবসেবা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। সংগঠনের ঐতিহ্য এবং সেবার ধারাবাহিকতা আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন রাকিবুল হাসান পলাশ।
বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব বগুড়া প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
রিপোর্টার্স২৪/ঝুম