রাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, রাবিয়ানরা জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজিব বলেন, “১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভায় ১০ থেকে ৫০ নম্বর করা মেধাধ্বংসী সিদ্ধান্ত। এর মাধ্যমে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়িয়েছি, তেমনি বর্তমান সরকারও যদি মামা-খালু, মন্ত্রীদের সুপারিশ বা দলীয় বাণিজ্যের মাধ্যমে নিয়োগে দলীয়করণ করতে চায়, শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিরোধ করবে।”
তিনি আরও বলেন, “ভাইভার নম্বর ১০ থেকে সর্বোচ্চ ৫ করা যেতে পারে, কিন্তু ১০ থেকে ১১ করাও গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
বিক্ষোভ মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, “’২৪-এর কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। দুঃখের বিষয়, আজ আমাদের ভাইভা কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বর্তমান সরকারকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এমন অযৌক্তিক বিষয় প্রতিষ্ঠিত করতে যাবেন না। আমরা সরকারবিরোধী আন্দোলন করতে চাই না। তবে প্রয়োজন হলে আমরা আবার রাজপথে নামব।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, “কোটার বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। আপা দিতে চেয়েছিল কোটা, ভাইয়া দিতে চাচ্ছে ভাইভা কোটা। আমরা পূর্বে যেমন জাগ্রত ছিলাম, এখনো আছি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না।”
বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম