ইন্টারন্যাশনাল ডেস্ক: পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের পাঁচটি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে দুটি মার্কিন জাহাজ, আটটি ট্যাঙ্কার এবং আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি ট্যাঙ্কারের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় দুটি মার্কিন জাহাজ ও আটটি ট্যাঙ্কার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানি ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন ও অপতৎপরতার’ জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনীর ‘উৎসাহ ও সমর্থনে’ হরমুজ প্রণালীর নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা দিয়ে অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালী তাদের বাহিনীর কঠোর নজরদারি ও ব্যবস্থাপনার আওতায় রয়েছে। এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর গতিবিধির ওপর তাদের নজরদারি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবি সম্পর্কে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ফলে হামলার ক্ষয়ক্ষতি ও লক্ষ্যবস্তু হওয়া জাহাজগুলোর বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে। মেহের নিউজ
রিপোর্টার্স২৪/রাফিদ