রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় দেশের সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এরও আগে গত ৯ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর আরও দুই দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। অর্থাৎ, টানা তিন দফা দাম কমার পর এবার এক দফায় আবারও স্বর্ণের দাম বাড়ানো হলো।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ কমাতে হবে। অন্যদিকে, পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম