কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মাদক সেবনের দায়ে মো. নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া-কাউড়াল আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর ইসলামকে আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি সরেজমিনে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
স্থানীয় সূত্র জানায়, পাইকপাড়া-কাউড়াল আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছুদিন ধরে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্প ও আশপাশের এলাকায় মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখারও দাবি জানান তারা।
রিপোর্টার্স২৪/ঝুম