লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক শেখের একটি গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ