রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন করে অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার ইসির পক্ষ থেকে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের যে সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছিল, তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের অধিকার তাদের রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের যে সম্ভাব্য সময়সূচি ইসি জানিয়েছে, সে বিষয়ে সরকার অবগত নয়।
এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। এমনকি অন্য কোনো মাধ্যমেও ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে ইসির সঙ্গে সরকারের আলোচনা হয়নি বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এর মধ্যেই সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় সম্ভাব্য ভোটের তারিখও তুলে ধরা হয়।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় ধাপের ভোটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হতে পারে ৩০ ডিসেম্বর।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। আর সপ্তম ও শেষ ধাপের ভোট আগামী বছরের ২৭ মে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
তবে এসব তারিখকে এখনই চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তার বক্তব্য অনুযায়ী, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও সমন্বয়ের পরই ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
ফলে বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে যে তারিখ গুলো সামনে এসেছে, সেগুলোকে সম্ভাব্য বা প্রাথমিক সময়সূচি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম