স্পোর্টস ডেস্ক: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কথা উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি ক্রীড়া মন্ত্রণালয় থেকে নেওয়া হলেও এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতি ছিল।
বাংলাদেশ কেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি, সেই সিদ্ধান্তের পেছনের কারণ খতিয়ে দেখতে গত মার্চে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
তদন্ত প্রতিবেদনের বরাতে জানা গেছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি।
তবে বিষয়টি কেবল মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সীমাবদ্ধ ছিল না। বিসিবিও সেই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারও অবস্থান ছিল তদন্ত প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটি নতুন করে আলোচনায় এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব