বগুড়া প্রতিনিধি: দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ফটো সাংবাদিকতার মাধ্যমে সমাজের অপরাধ, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার নেতারা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার রাতে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশিদ সুইটের সভাপতিত্বে সভায় সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
সভায় নেতারা বলেন, একজন ফটো সাংবাদিক সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেন। ক্যামেরায় ধারণ করা একটি ছবি অনেক সময় একটি ঘটনার বাস্তবতা মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ সংগ্রহ ও ছবি ধারণের ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা জরুরি।
বক্তারা আরও বলেন, ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফটো সাংবাদিকতার মানোন্নয়ন, কর্মপরিবেশ, পেশাগত সমস্যা, সম্ভাবনা ও নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ফটো সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, এম আর শাইন প্রমুখ।
রিপোর্টার্স২৪/রাফিদ