গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ কার্যালয়ে চলে এ তদন্ত কার্যক্রম। তদন্ত পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমুল হক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. সেলিনা বানু।
জানা গেছে, তদন্তের সময় জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ছিল নিয়ম বহির্ভূতভাবে জেলা পরিষদের এফডিআর ভেঙে ফেলা এবং শ্রীপুরের বরমী-বরামা খেয়াঘাটের ইজারায় অনিয়মের অভিযোগ।
এছাড়া জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ বাইরের লোকজন দিয়ে করানো, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ আরও কয়েকটি বিষয় নিয়েও কর্মকর্তারা প্রশ্ন করেন। তদন্ত সংশ্লিষ্টরা এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই করেন। একই সঙ্গে অভিযোগগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্যও নেয়া হয়।
তদন্ত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক বলেন, আমাদের তদন্ত পুলিশের মতো না, যে প্রাথমিকভাবে ধারণা করা যায়। আমাদের তদন্ত ডুকোমেন্টারি। ডুকোমেন্ট যেভাবে আছে সেভাবে কথা বলবে। জেলা পরিষদের এফডিআর ভেঙে ফেলা এবং বরমী-বরামা খেয়াঘাটের ইজারায় অনিয়মের অভিযোগ তদন্ত করা হয়েছে। আগামী তিন- চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।
তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ