রিপোর্টার্স২৪ ডেস্ক: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাঁচা মরিচের দাম। চড়া রয়েছে মাছ, মাংস ও ডিমের বাজারও।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় পাইকারি পর্যায়েই তাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।
বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে। টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
লম্বা লাউয়ের দামও রয়েছে ৬০ থেকে ৭০ টাকা। পেঁয়াজের দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে। পাশাপাশি কাঁচা মরিচের দামও আগের তুলনায় বেড়েছে।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।
ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এবার প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম দামে যেসব সবজি কেনা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সেগুলোই বাড়তি দামে কিনতে হচ্ছে। এতে সংসারের দৈনন্দিন বাজার খরচও বেড়ে যাচ্ছে।
এদিকে সবজির পাশাপাশি মাছ, ডিম ও মুরগির বাজারও এখনো চড়া। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং জাতভেদে সোনালি মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। ফলে সবজি, মাছ, মাংস ও ডিম—নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন ক্রেতারা।
রিপোর্টার্স২৪/ঝুম