বিনোদন ডেস্ক: ঢালিউডের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা বেশ কিছুদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। গত বছর পারিবারিক কারণ দেখিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বর্ষা।
ব্যক্তিগত জীবনেও বর্ষাকে নিয়ে তেমন কোনো বিতর্ক সামনে আসেনি। ২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলকে বিয়ে করেন তিনি। এরপর থেকে স্বামী-সংসার নিয়ে বেশ ভালোই আছেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের এই দাম্পত্যকে অনেকেই সুখী সম্পর্কের উদাহরণ হিসেবে দেখেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ‘টোটকা’ দিয়েছেন বর্ষা। তার এক ভাবগম্ভীর পোস্টে উঠে এসেছে ভালোবাসার পাশাপাশি সময়, যত্ন, সম্মান এবং পারিবারিক বন্ধনের গুরুত্বের কথা।
পোস্টে বর্ষা লিখেছেন, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সম্পর্কে ‘ইনভেস্ট’ করতে হয়। তবে এই বিনিয়োগ বলতে শুধু অর্থ-সম্পদ বোঝায় না। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন থাকলেও একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে সবসময় টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে মনে করেন তিনি।
বর্ষার ভাষায়, সম্পর্কের আসল ‘ইনভেস্টমেন্ট’ হলো সময়, ব্যবহার, যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।
তিনি বলেন, আপনি যদি সত্যিই জানেন যে একজন মানুষ আপনার জীবনে সারাজীবন থাকবে, কিংবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা উচিত। কারণ একটা সময় একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা এবং আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়।
বর্ষার মতে, তখন সেই সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার হলেও ভাববে‘আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে?’ আর তার কাছে এটিই সম্পর্কের অন্যতম বড় ‘ইনভেস্টমেন্ট’।
অভিনেত্রী আরও বলেন, কারও সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চাইলে সেখানে বিনিয়োগ করতে হবে। তবে সেটি শুধু অর্থের মাধ্যমে নয়; বরং সময় দেওয়া, ভালো ব্যবহার, আন্তরিকতা এবং পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমেও করতে হবে।
পছন্দের মানুষটিকে বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন বর্ষা। তার মতে, তাকে পারিবারিকভাবে আপন করে নেওয়া জরুরি। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান ও দায়বদ্ধতাও যুক্ত হয়।
সবশেষে বর্ষার বক্তব্য, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। সেখানে সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ‘ইনভেস্টমেন্ট’ প্রয়োজন।
রিপোর্টার্স২৪/ঝুম