কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কালাই রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে মশা নিধনে বিভিন্ন স্থানে স্প্রে করা হয়।
একই সঙ্গে সড়কের পাশ, ড্রেন, ঝোপ-ঝাড়সহ বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার এবং পৌর বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/ঝুম