উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মো. সাব্বির হোসেন নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সাব্বিরের বাম হাতের কব্জি ভেঙে গেছে এবং দুই পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
হামলার শিকার সাব্বির হোসেন বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের মো. রয়েজ উদ্দিনের ছেলে। তিনি বড়হর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। তার অভিযোগ, উপজলার হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে পূর্বদেলুয়া স্কুল মাঠে একদল যুবক তার পথরোধ করে। পরে তারা তার ওপর অতর্কিত হামলা চালায়।
সাব্বিরের অভিযোগ, স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম ঠান্ডুর ছেলে জিসানের নেতৃত্বে সিয়াম, রাকিব, আলহাজ, আলাউদ্দিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রডের সঙ্গে মোটরসাইকেলের চেইন পেঁচিয়ে তাকে মারধর করে। এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারা হয় বলেও অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তার বাম হাতের কব্জি ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
সাব্বির বলেন, লংমার্চে অংশ নেওয়ার কারণে হামলাকারীরা তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। একই সঙ্গে কয়েক দিন আগে পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অশ্লীল নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে কেন শেয়ার করা হয়েছে, সে বিষয়েও তাকে হুমকি দেওয়া হয়।
সাব্বিরের পরিবার সূত্র জানায়, হামলার পর তাকে উল্লাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ে বনভোজনের নামে একটি অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদ করেছিলেন সাব্বির। স্থানীয়দের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করেও তার সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধ তৈরি হয়। ইউনিয়ন যুবদল নেতা শফিকুল ইসলাম ঠান্ডু ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং তার ছেলে জিসান বিদ্যালয়টির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, জিসানের নেতৃত্বাধীন কিশোরদের একটি দলের বিরুদ্ধে সম্প্রতি পার্শ্ববর্তী মাগুরাডাঙ্গা গ্রামের লোকজনের সঙ্গে হামলা-মারামারির অভিযোগে একটি মামলা হয়েছে। বর্তমানে এটি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব