রিপোর্টার্স২৪ ডেস্ক: গণতন্ত্র ধ্বংস এবং মানুষের ভোটের অধিকার লুণ্ঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদীরা’ পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। এই অধিকার ও গণতন্ত্র নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, তারা মনে করছে, দুটি বাস পুড়িয়ে আর একটি চক্কর দিয়ে জনগণকে ভয় দেখাতে পারবে। তাদের সতর্ক করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে যেভাবে তাদের দেশ থেকে তাড়িয়েছে, প্রয়োজনে যারা এখনো আছে, তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, কোনোভাবেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায় আসেন। জনগণ এই বিচার করবে।
তিনি আরও বলেন, সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। কিশোরগঞ্জে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম