গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন এসএসিপি (SACP) প্রকল্পের বিশেষ প্রদর্শনী ‘ক্লাইমেট নিউট্রিশন ইন্টেগ্রেটেড ফার্মিং মডেল’ (জলবায়ু ও পুষ্টি সমন্বিত খামার মডেল) কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।
মঙ্লবার দিনব্যাপী গাইবান্ধা সফরের অংশ হিসেবে তিনি বোয়ালী ইউনিয়নের মাঠ পর্যায়ে পরিবেশবান্ধব ও পুষ্টিসমৃদ্ধ এই সমন্বিত খামার মডেলটির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে এই ‘ক্লাইমেট নিউট্রিশন ইন্টেগ্রেটেড ফার্মিং মডেল’ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের একখণ্ড জমিতে বৈচিত্র্যময় ফসল, শাকসবজি ও আধুনিক কৃষি প্রযুক্তির এই মেলবন্ধন গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনছে। বোয়ালীর জাহেদা বেগমের এই সফল মডেলটি যেন উপজেলার অন্যান্য প্রান্তিক চাষিদের মাঝেও দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি মডেলটির উপকারভোগী কৃষকদের সাথে সরাসরি কথা বলেন, তাদের নানা সমস্যার কথা শোনেন এবং আধুনিক ও টেকসই বিপণন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত খামার পরিদর্শনকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান,এসএসিপি' রেইনস রিজিওনাল প্রজেক্ট অফিসার রাশেদুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার কৃষি অফিসার রাকিবুল আলম এবং স্থানীয় ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।
রিপোটার্স২৪/আরাফাত