স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শীর্ষ এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন দুই সরকারপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব