চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সিফাত (৫) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের বেড়িবাঁধের ভেতরের বাসিন্দা ফারুক প্রধানের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।
ওই বাড়ির লোকজন জানান, সকালে দীর্ঘ সময় সিফাতকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন তারা। এতে সন্দেহ হলে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
পরে পুকুরের পানি থেকে সিফাতকে উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বিষয়টি পুলিশ জেনেছে। তবে এই ঘটনায় শিশুর পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ