ময়মনসিংহ প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব