রিপোর্টার্স২৪ ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় ঘটে এ ঘটনা। হামলার পর সালমান মুক্তাদির নিজেই ভিডিওবার্তায় বিষয়টি তুলে ধরলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্টুডিওতে হামলার কারণ কী এ নিয়ে যখন নানা প্রশ্ন ও আলোচনা চলছে, তখন ঘটনার নেপথ্য সম্পর্কে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে কোনো হামলার বিষয় নেই।
তিনি বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
পুলিশের এই বক্তব্যের পর হামলার নেপথ্যে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।
শনিবার মধ্যরাতে নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলার সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতেও হামলাকারীরা প্রবেশ করে বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্টুডিওর ক্ষয়ক্ষতির বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৩৫ কাঠা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিরোধের জের ধরেই মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে থাকা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
তবে পুরো ঘটনার সঙ্গে কারা সরাসরি জড়িত এবং হামলা ও লুটপাটের ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, স্টুডিওতে হামলার ঘটনায় নিজের বক্তব্য ভিডিওবার্তায় তুলে ধরেছেন সালমান মুক্তাদির। তাঁর ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
রিপোর্টার্স২৪/ঝুম