রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও কয়েকটি দুর্ঘটনার কারণে সাময়িকভাবে জ্বালানি সংগ্রহ ও দেশে আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়েছিল।
তিনি বলেন, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে এফএসআরইউতে (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট) আগুন লাগার ঘটনাও ঘটে। এসব কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিলম্ব হয়েছে।
মন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প উৎসের সন্ধান করতে হয়েছে। নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লাগলেও বর্তমানে সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক ধারায় ফিরছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে। জ্বালানি সঠিকভাবে দেশে আসছে।’
এ ধরনের সাময়িক পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রীর ভাষ্য, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও নির্ধারণ করা হয়েছে। সামনে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকার ইচ্ছাকৃতভাবে জ্বালানি সংকট তৈরি করেনি দাবি করে মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে। প্রয়োজনে বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে।
তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। জনগণের কষ্ট কমাতে বিকল্প উৎস খুঁজে বের করা হয়েছে এবং বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে।
মন্ত্রীর মতে, সামনে আর কোনো বড় ধরনের সমস্যা বা দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে।
জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন বলেও দাবি করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর ভাষ্য, সংশ্লিষ্টরা দলগতভাবে কাজ করায় পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।
জনগণ যাতে আর কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান মন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম