স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের জন্য ৩ অক্টোবর স্মরণীয় দিন হতে চলেছে। কলকাতার আইকনিক সল্ট লেক স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচে তারা ব্রাজিলের মুখোমুখি হবে।
র্যাঙ্কিংয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও ভারতে কোনো দুর্বল দল নিচ্ছে না ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকারা পা রাখবেন ভারতে। তবে মজার ব্যাপার হলো, ভিনিসিয়ুসের জন্য এটাই প্রথম ভারত সফর নয়। ব্রাজিলের এই তারকা আরও একবার দেশটিতে গিয়েছিলেন।
২০১৬ সালের অক্টোবরে ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের প্রথম আসর হয়েছিল ভারতের গোয়ায়। ওইবার ব্রাজিলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন ভিনিসিয়ুস। ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের বিপক্ষে খেলেছিলেন তিনি। ব্রাজিল জিতেছিল ট্রফি।
ওই সময় ভিনিসিয়ুস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে ছিলেন। ভারত সফর শেষ হওয়ার প্রায় এক বছর পর ৪৬ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।
ভারতের মাটিতে প্রথমবার খেলতে নেমে চমৎকার ফর্মে ছিলেন ভিনিসিয়ুস। চার গোল করেছিলেন ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে। টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। প্রতিটি ম্যাচই জেতে ব্রাজিল।
ভিনিসিয়ুস ভারতের বিপক্ষে একটি গোলও করেন। ম্যাচটি ব্রাজিল ৩-১ গোলে জেতে। ৮২তম মিনিটে শেষ গোল করেন তিনি। পরের বছরও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল ভিনিসিয়ুসের। কিন্তু সদ্যই চুক্তি করা তারকা খেলোয়াড়কে ছাড়েনি রিয়াল।
রিপোর্টার্স২৪/ঝুম