নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। অথচ কেউ কেউ বলছে, গণঅভ্যুত্থান হয়েছে শুধুমাত্র এক দলকে হটিয়ে আরেক দলকে বসানোর জন্য। এমন বক্তব্যে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে।
বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাটি আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখা।
শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে। কিন্তু এখন কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন বন্ধের উদ্যোগ নিচ্ছে, হোক সেটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে।
বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ বলেও আখ্যায়িত করেন।
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ এর নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলম সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে. এম রকিবুল ইসলাম রিপন, জেলা শাখার সদস্য সচিব পূর্ণিমা মুন্নি দোলা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাস জোসেফ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখনসহ আরও অনেকে।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন। এবং দোয়া করা হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ