জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তিনি ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার প্রায় পাঁচ মাস পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে। পরে তার বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকালে সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রিপোর্টার্স২৪/ঝুম